Skip to content

রেস্তোরাঁ ভাঙচুর, টাকা ছিনতাই ও নারী নির্যাতনের অভিযোগ কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    রেস্তোরাঁ ভাঙচুর, টাকা ছিনতাই ও নারী নির্যাতনের অভিযোগ কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে 

    প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২০:০৭
    আপডেট: ৩০ জুন ২০২৬, ২০:১৭

    100%

    বরিশাল নগরের একটি রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে। হামলাকারীরা দোকানের ক্যাশবক্স থেকে টাকাও ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
     
    গতকাল সোমবার রাতে নগরের নতুন বাজার মরকখোলা পুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত রেস্তোরাঁর মালিক ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল বলেছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চলছে।
     
    আহত রেস্তোরাঁর মালিক জানান, গতকাল দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। যাদের সঙ্গে বিরোধ হয়েছিল, তারা তার রেস্তোরাঁয় খেয়েছেন এবং দোকানের সামনে অবস্থান করেছেন এই অভিযোগ তুলে রাত ১০টার দিকে ওয়ালিদ বিন সালাউদ্দিনের নেতৃত্বে একদল হামলাকারী এসে দোকানে হামলা চালায়।
     
    তিনি বলেন, ৩০-৩৫টি মোটরসাইকেলে ৭০-৮০ জন এসে দোকান ভাঙচুর করে। তাকে ও তার বোনকে শাড়ি ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে মারধর ও শ্লীলতাহানি করা হয়। দোকানের খাবার রাস্তায় ফেলে দেওয়া হয়।
     
    ভুক্তভোগী নারী বলেন, ‘আমাদের ক্যাশবক্স থেকে ছয় হাজার টাকা নিয়ে গেছে। জানতে পেরেছি, বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাড়া সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম (রাতুল), ওয়ালিউল ইসলাম (তামিম) ও বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান হামলায় নেতৃত্ব দিয়েছেন।’
     
    ঘটনার প্রতিবাদে গভীর রাতে স্থানীয় বাসিন্দারা নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
     
    অভিযুক্ত ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, গতকাল দুপুরে তাদের কর্মী আবদুল্লাহকে মরকখোলা পুল এলাকায় একদল সন্ত্রাসী মারধর করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে আরেক কর্মীর ওপরও হামলা হয়। তিনি দাবি করেন, ‘আমরা কারও ওপর হামলা করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।’
     
    বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান বলেন, ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
     
    বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    রাউন্ড অব ১৬-এর লড়াইয়ে রাতে মাঠে নামছে ফ্রান্সসহ ৬ দল

    আরও পড়ুন

    আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

    আরও পড়ুন

    Source:Original article